ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ রাত ০৭:৫৫:১৮
ছাতকে এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করলেন হিন্দু যুবক, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
সুনামগঞ্জের ছাতকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক হিন্দু যুবক।
বৃহস্পতিবার (১৫ রমজান) উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলুপুর এলাকায় অবস্থিত লতিফিয়া আরব আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ী ও ‘ভাইভাই এন্ড স্টার হেয়ার কাট’ সেলুনের মালিক নারায়ন মালাকার সুমন।
নারায়ন মালাকার সুমন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দীঘলি খোজারপাড়া গ্রামের মৃত নিবারণ মালাকারের পুত্র।
ইফতার আয়োজন সম্পর্কে সুমন মালাকার বলেন, “আমরা যে যে ধর্মেরই হই না কেন, আমরা সবাই মানুষ। সব ধর্মেই মানুষের সেবা করাকে বড় ইবাদত বা পূণ্য কাজ হিসেবে বলা হয়েছে। এতিম শিশুদের খাওয়ানো একটি মহৎ কাজ মনে করে নিজের সামর্থ্য অনুযায়ী এই আয়োজন করেছি।”
ইফতার মাহফিলে উপস্থিত হয়ে লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব কবির হোসেন ধলা মিয়া এ উদ্যোগকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এমন উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন লতিফিয়া আরব আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ গুফরান আহমদ, খাদেম হাফিজ ক্বারী আবুল বসর আহমেদ, শিক্ষক হাফিজ আলী হোসেন, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাহমদ আলী, সুফিনগর মাদ্রাসার আইসিটি বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম সাইদ, আঞ্চলিক যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন এবং গোবিন্দগঞ্জ স্টার ফ্যাশনের স্বত্বাধিকারী ইসমাইল হোসেনসহ মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা।
রমজানের পবিত্র এই সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে এতিমদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।