বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ রাত ০৭:৫৪:১৯
বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু ঐতিহ্যবাহী বিজু ও বিষু উৎসব
নতুন বছরকে বরণ করে নিতে বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বিজু ও বিষু উৎসব। তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তিন দিনব্যাপী বিষু উৎসবের পাশাপাশি চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবও একইসঙ্গে শুরু হয়েছে।
রোববার ভোরে রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন সাঙ্গু নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে পাহাড়ি তরুণ-তরুণীরা সমবেত হন। সবার মঙ্গল কামনায় তারা কলাপাতায় করে ভক্তিভরে গঙ্গাদেবীর পূজা করেন। পরে দেবীর উদ্দেশে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভ কামনা জানান।
সূর্য ওঠার আগেই সাঙ্গু নদীর তীরে ফুল ভাসানোর এই আয়োজনে শত শত তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উৎসবের অংশ হিসেবে সকাল থেকেই ঘরে ঘরে তৈরি করা হচ্ছে ২০ থেকে ৩০ ধরনের সবজি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী খাবার ‘পাজন’। নতুন পোশাক পরে একে অপরের বাসায় গিয়ে পাজন খাওয়ার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করছেন সবাই।
তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উৎসব তিন দিনে পালিত হয়—ফুলবিষু, মূলবিষু এবং নববর্ষ। একইভাবে চাকমা সম্প্রদায়ের বিজুও পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব।