রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫৩:১৬
বগুড়ায় ৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, শেষ তথ্য সংগ্রহ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম ধাপে তিন হাজারের বেশি কৃষক পাচ্ছেন কৃষি কার্ড। এ লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম ইতোমধ্যে শেষ করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছেন।
জানা গেছে, আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলার নির্বাচিত কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
পাইলট প্রকল্পের অংশ হিসেবে দেশের ৮টি বিভাগের ১০টি উপজেলার ১০টি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর আওতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিনটি ব্লকে কৃষকদের তথ্য যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
পিপিআইডিসির আওতায় প্রাথমিকভাবে রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কৃষকদের জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে গত ১৬ মার্চ মোকামতলা বাজার এলাকায় নিয়মিত খাদ্য উৎপাদন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শফিকুল ইসলাম কৃষকদের কৃষি কার্ড দেওয়ার বিষয়টি ঘোষণা করেন।
কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ থেকে শিবগঞ্জ উপজেলায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়, যা এখন শেষ হয়েছে। পহেলা বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ শুরু হবে এবং প্রথম ধাপে তিন হাজারের বেশি কৃষক এই সুবিধার আওতায় আসবেন।
এই কার্ডের মাধ্যমে কৃষকরা নামমাত্র মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি এবং উৎপাদনসংক্রান্ত বিভিন্ন পরামর্শ পাবেন। পাশাপাশি সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা সুবিধা, কৃষিপণ্যের বিপণন সহায়তা, কৃষি প্রশিক্ষণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এছাড়াও ফসলের রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে শিবগঞ্জ সদর ইউনিয়নের আওতাধীন ৬টি ব্লকে প্রায় এক হাজার হেক্টর জমির কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলায় কৃষক কার্ড বিতরণের কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং সব কৃষককে এই সুবিধার আওতায় আনা হবে।