নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ রাত ১০:১২:১২
ঈদের পর বাড়ি ফেরার কথা ছিল মালদ্বীপে বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবীর
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মধ্যে একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা নূরনবী সরকার (২৮)। দীর্ঘ ১০ বছরের প্রবাস জীবনে একবারও দেশে ফেরা হয়নি তার। আসন্ন ঈদুল ফিতরের পর বাড়ি ফেরার কথা থাকলেও এবার তাকে ফিরতে হচ্ছে কফিনবন্দি হয়ে।
শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের দ্বিগুরা শহরে একটি নির্মাণাধীন ভবনের শ্রমিক কোয়ার্টারে মর্মান্তিক এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নূরনবী সরকারসহ পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত এবং আরও দুজন আহত হন। শুক্রবার তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত নূরনবী সরকার শিবগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে। তিন বোনের পর পরিবারের সবার ছোট ছিলেন তিনি। পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র ১৮ বছর বয়সে ২০১৬ সালে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে একটি প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন এই রেমিট্যান্স যোদ্ধা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নূরনবীর মরদেহ দেশে আনার বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও শুরু হয়নি।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘এ ঘটনা এখনও অবগত হইনি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অবহিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’