বাবুল আকতার, ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪:১৬
ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থ দণ্ড
পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে মোঃ মাসুদ রানা (আপেল) (৪৯), পিতা মোঃ আনছার আলী, গ্রাম দুধবাড়ীয়া, ভাঙ্গুড়া, পাবনাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুধবাড়ীয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছিল, যা কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল।
বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোঃ মিজানুর রহমান জানান, "অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
এ ধরনের অভিযানের মাধ্যমে অবৈধ মাটি কাটার কাজ রোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষা পাবে, এমন আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।