রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ রাত ০৬:৩৭:০৯
বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি পেলেন ২৩০০ নারী
শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে। বগুড়া সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার নারীদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে শাড়ি তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অতুল চন্দ্র দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. শামছুন্নাহার শিউলী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, শাহ আলম জনি ও রাজিবুল করিম রাফি, প্রচার সম্পাদক আল-আমিন পেস্তা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব গৌর চন্দ্র পোদ্দার (চন্দন), সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও মঙ্গলা ইউনিয়ন যুবদলের সভাপতি বিপুল কর্মকার এবং সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই উপহার বিতরণ কার্যক্রমের মাধ্যমে বগুড়া সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২ হাজার ৩০০ নারী শাড়ি পেয়েছেন।