বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫৯:১৩
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার জব্দকৃত যানবাহন। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে মোটরসাইকেল, ট্রাক, বাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন।
থানা সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা, চোরাচালান, মাদক পরিবহনসহ বিভিন্ন অভিযোগে এসব যানবাহন জব্দ করা হয়। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেগুলো থানার চত্বরে অযত্নে পড়ে থাকে। দীর্ঘ সময় ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে যানবাহনগুলোর অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
স্থানীয়রা জানান, থানার ভেতরে জায়গার সংকট থাকায় অধিকাংশ যানবাহন খোলা স্থানে রাখা হয়। ফলে প্রাকৃতিক প্রতিকূলতায় দ্রুত ক্ষয় হচ্ছে এসব মূল্যবান সম্পদ। অনেক যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে, বডিতে ধরছে মরিচা।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত মামলার নিষ্পত্তি, জব্দ যানবাহনের জন্য আলাদা সংরক্ষণাগার নির্মাণ এবং প্রয়োজনীয় আইনি সংস্কার না হলে এ ধরনের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব নয়। অন্যথায় প্রতিবছরই কোটি কোটি টাকার সম্পদ এভাবেই নষ্ট হতে থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, মালিকরা অনেক সময় আইনি জটিলতা বা আর্থিক কারণে তাদের যানবাহন ছাড়িয়ে নিতে আসেন না। আবার আদালতের নির্দেশনা ছাড়া এসব যানবাহন নিলামে বিক্রির সুযোগও নেই। ফলে দীর্ঘদিন ধরে এগুলো অযত্নে পড়ে থাকে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, “আমরা কোর্টে আবেদন দিয়ে রেখেছি। মামলার নিষ্পত্তি হওয়ার পর যানবাহনগুলো নিলামের জন্য অনুমোদন দেওয়া হবে।”