নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ রাত ০৯:১৩:০২
জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রাজমিস্ত্রীর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের পলক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম আদিল (১৫)। তিনি ওই গ্রামের মৃত আশিক নূরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আদিল স্থানীয়ভাবে রাজমিস্ত্রীর জোগালির কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কর্মস্থলে একটি বাড়ির উঠানে বেঁকে যাওয়া রড সোজা করার সময় তিনি রডটি উপরের দিকে তোলেন। এ সময় অসাবধানতাবশত রডটি ওপর দিয়ে যাওয়া ৩৩ কেভি বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সময় তার সঙ্গে কাজে থাকা আরেক যুবকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আদিল দশম শ্রেণির একজন শিক্ষার্থী ছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের অভাব-অনটন দূর করতে লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করে সংসারের হাল ধরেছিলেন তিনি।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।