মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ রাত ০৯:৫২:১২
কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা-গাঁজা-চোলাই মদ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পরীনগর সুইপার কলোনী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, চোলাই মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের ‘ক’ ও ‘খ’ সার্কেলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক অমর কুমার সেন ও পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার।
অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার চোলাই মদ এবং নগদ ৯১ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মিঠুন ভাস্পর (৩৭), রপিন ভাস্পর (৩৫) ও বাবু দাশ (৩৫)। এ ঘটনায় বিকাশ ভাস্পর (২৪) নামে আরও একজন পলাতক রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিঠুন ভাস্পর ও বাবু দাশ দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা সংগ্রহ করে কুলাউড়া থানার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। অপরদিকে রপিন ভাস্পর জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুলাউড়া ও আশপাশের উপজেলায় সরবরাহ করতেন।
আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট মাদক নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কুলাউড়া থানায় পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।