সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৭:০১
সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে, এখনো নেই যানজট
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরবঙ্গমুখী যাত্রীদের যাত্রা ধীরে ধীরে শুরু হয়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও সিরাজগঞ্জ মহাসড়কে এখনো বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি।
যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের অন্তত ১৬ জেলার যানবাহন চলাচল করে। ঈদকে ঘিরে প্রতি বছরই এ সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়, ফলে যানজটের আশঙ্কা তৈরি হয়। ইতোমধ্যে অনেকেই আগেভাগে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ায় মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে।
চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো পুরোপুরি ঈদযাত্রা শুরু হয়নি। ফলে যানবাহনের চাপ থাকলেও সড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। তবে অফিস-আদালত বন্ধ হলে যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সে সময় যমুনা সেতুর পশ্চিমপাড় টোলপ্লাজা, হাটিকুমরুল ইন্টারচেঞ্জসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে ভুল ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন ও মহাসড়কে অটোরিকশা বা ভ্যান চলাচল যানজটের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে। প্রায় ৬ শতাধিক পুলিশ সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গাড়ি ও মোটরসাইকেল টহল টিম সার্বক্ষণিক কাজ করছে এবং গুরুত্বপূর্ণ মোড়ে মাইকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট প্রিন্স আওলাদ মাহমুদ বলেন, “ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে, তবে এখনো কোথাও যানজটের সৃষ্টি হয়নি। আমরা সার্বক্ষণিক টহল ও মনিটরিং করছি। আশা করছি, প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।”