নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৪৫
পবিত্র কুরআন নাজিলের মাসে কম মুনাফায় পণ্য বিক্রি করুন: ড. খন্দকার মারুফ
'পবিত্র কুরআন নাজিলের মাসে রোজাদারদের একটু স্বস্তি দিতে কম মূল্যে তাদের কাছে পণ্য বিক্রি করার জন্য' ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রমজান উপলক্ষে গঠিত দলের বাজার মনিটরিং সেলের প্রধান ড. খন্দকার মারুফ হোসেন। তিনি আজ সোমবার কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলার প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র মানিকারচর বাজার পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এইসব কথা বলেন।
বিএনপির বাজার মনিটরিং সেলের প্রধান ড.খন্দকার মারুফ সেলের সদস্যদের নিয়ে মানিকারচর বাজারের ব্যবসায়ী ও খরিদ্দারদের বেচা-কেনা সরেজমিনে তদারকি করেন। এই সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,পবিত্র কুরআন নাজিলের এই রমজান মাস হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। পবিত্র রোজা বা সিয়াম সাধনাকালে ইফতার ও সেহরি গ্রহণে খেটে খাওয়া শ্রমজীবী নিম্নআয়ের মানুষের যাতে কষ্ট না হয়, সেই জন্য এই শ্রেষ্ঠ মাসে কম মুনাফায় পণ্য বিক্রি করুন, মানবিক হোন।
ড.খন্দকার মারুফ ব্যবসায়ীদের বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে আপনারা কাউকে চাঁদা দিবেন না। বিএনপির পরিচয়ে কেউ চাঁদা দাবি করলেও কোনো ছাড় নেই।চাঁদাবাজদের ধরে রশি দিয়ে বেধে পুলিশে দিবেন। কেউ চাঁদাবাজি করতে চাইলে আমাকে অথবা মনিটরিং সেলের সদস্যদের ফোন দিবেন। আপনাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। চাঁদাবাজদের কোন ক্ষমা নেই। আপনাদের ব্যবসায়িক সুবিধার জন্য বাজারের নানা সমস্যার সমাধান এবং খাজনা হ্রাস করা হবে।
ড.খন্দকার মারুফ হোসেন মানিকারচর বাজারের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং ব্যবসায়ী, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
পরিদর্শনকালে বাজারের পরিবেশ, ব্যবসা-বাণিজ্যের চলমান অবস্থা, জননিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। এ সময় মনিটরিং টিম বাজার ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ড. খন্দকার মারুফ বলেন, জনগণের স্বাভাবিক ও নির্বিঘ্ন জীবনযাত্রা ও বাজারে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। জনস্বার্থে বিএনপির এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সময় মনিটরিং সেলের সদস্য মো. রমিজউদ্দিন লন্ডনী,মিজানুর রহমান,আবু ইউসুব নয়ন ও আতাউর রহমান ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।