বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪২:৫১
পীরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহে শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও প্রাণিজ আমিষের গুরুত্ব তুলে ধরতে ব্যতিক্রমী স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বীরহলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই কর্মসূচি পালিত হয়।
এসময় কোমলমতি শিক্ষার্থীদের হাতে ডিম ও পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পাশাপাশি সুস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বীরহলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়া শারমিন এবং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা বুলি। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার ও প্রাণিজ আমিষ অত্যন্ত জরুরি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি বাড়াতে এবং স্বাস্থ্য সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।