রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৫:৪৯
রাজাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
বগুড়ার সদর উপজেলার রাজাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ মজুত, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১১:৪০ মিনিট থেকে ১২:৫৫ মিনিট পর্যন্ত সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সমন্বয়ে একটি চৌকস আভিযানিক দল রাজাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মে নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়—
মিঠু ট্রেডার্স: ভোজ্য তেলের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৩৮ ধারায় মালিক আব্দুল মোমিনকে ৫,০০০ টাকা জরিমানা।
সালাম স্টোর: নির্ধারিত ১৮৫ টাকার পরিবর্তে ৩১০ টাকায় সয়াবিন তেল বিক্রি ও রশিদ না থাকায় ৩৮ ধারায় মালিক মো. টিপুকে ২,০০০ টাকা জরিমানা।
আঃ রহমান স্টোর: মূল্য তালিকা হালনাগাদ না করা ও রশিদ না থাকায় ৪৫ ধারায় মালিক আঃ রহমানকে ১,০০০ টাকা জরিমানা।
সাইফুল স্টোর: মূল্য তালিকা হালনাগাদ না করা ও রশিদ না থাকায় ৩৮ ধারায় মালিক সাইফুল ইসলামকে ২,০০০ টাকা জরিমানা।
নিউ মন্ডল ট্রেডার্স: ৫ লিটার সয়াবিন তেলের বোতল নির্ধারিত ৯৫৫ টাকার পরিবর্তে ৯৬০ টাকায় বিক্রি করায় ৪০ ধারায় মালিক খলিলুর রহমানকে ২০,০০০ টাকা জরিমানা।
মেসার্স এ.কে. ট্রেডার্স: ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৪৫ ধারায় মালিক আনন্দ কুমার কুন্ডুকে ৫,০০০ টাকা জরিমানা।
অভিযান শেষে র্যাব-১২ এর সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।