রাকিবুল ইসলাম (লক্ষ্মীপুর)
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ সকাল ১০:০১:১৫
লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পথচারী গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন এবং সাইফুল ইসলাম মানিক নামে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার (২৩ মার্চ) থেকেই উত্তেজনা চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেওপাড়া গ্রামের পক্ষে নেতৃত্ব দেন হত্যা ও অস্ত্র মামলার আসামি রাকিব পাটওয়ারী এবং শেখপুর গ্রামের পক্ষে নেতৃত্ব দেন মিতুল।
সংঘর্ষ চলাকালীন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাম পায়ে গুলিবিদ্ধ হন গাছ ব্যবসায়ী আব্দুর রহিম। অন্যদিকে, মানিক নামে এক যুবককে লোহার চেইন দিয়ে পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সালাম সৌরভ জানান, গুলিবিদ্ধ রহিমের অবস্থা বিবেচনায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে সদর হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আধিপত্য বিস্তার ও একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।