নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:১৪:২৩
মাদকাসক্ত যুবসমাজ কখনো দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না: ড. খন্দকার মারুফ
“মাদকাসক্ত যুবসমাজ কখনো দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না”—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, মাদকাসক্ত তরুণ প্রজন্ম দেশ ও জাতির জন্য বোঝাস্বরূপ এবং জাতীয় উন্নয়ন ও অগ্রগতির পথে বড় বাধা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রতিনিধি হিসেবে তিনি সভায় যোগ দেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দি উপজেলা ক্রমেই মাদকের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। মাদকের রুটগুলো চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। বিশেষ করে মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা উদ্বেগজনকভাবে বেড়েছে উল্লেখ করে তিনি তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অন্য কোনো অপকর্মে জড়িত হলে তা বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং ও স্থানীয় বিভিন্ন স্থানে মতবিনিময়কালে তিনি একই বার্তা দিয়েছেন বলেও জানান।
তিনি দাউদকান্দির বিভিন্ন স্টেশনে সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পাশাপাশি যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ড. মারুফ বলেন, “আপনারা জনগণের সেবক। আচার-আচরণ ও কর্মকাণ্ডে সেবাধর্মী মনোভাব বজায় রাখতে হবে। তাহলেই দাউদকান্দিতে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।” তিনি সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, শান্তিপূর্ণ ও নিরাপদ দাউদকান্দি গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।