মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৪৬
পত্নীতলায় ৭০ বোতল ভারতীয় মাদকসহ আটক ১, ইজিবাইক জব্দ
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদক ‘ইস্কাফ’ (ESKUF) সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে পত্নীতলা থানাধীন ৬ নম্বর কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি মো. ফিরোজ কামাল (৩০)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মো. মোজাফফর রহমানের ছেলে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরোজ কামালের কাছ থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অবৈধ ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য তিন হাজার টাকা হিসেবে জব্দকৃত মাদকের মোট মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি সীমান্ত এলাকা থেকে ভারতীয় এসব মাদক সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।