রফিকুল ইসলাম, নান্দাইল প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৭:৫৭
নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হাজীপুর-দেওয়ানগঞ্জ পাকা সড়কের পশ্চিম মহেষকুড়া এলাকা থেকে সুরাইয়া আক্তার মীম (৩০) নামে ওই নারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় মোট চার হাজার ইয়াবা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাঁকে ময়মনসিংহ কোর্টে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুরাইয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার চণ্ডীবের গ্রামের নূর হোসেনের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় কৌশলে ইয়াবা বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয় এবং তার কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে নান্দাইল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।"
এ ঘটনার মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও ত্বরান্বিত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি দেখা গেছে।