মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৯:০৪
নববর্ষে নবীনগরে জমজমাট লাঠিখেলা
বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর স্কুল মাঠে জমজমাট এ লাঠিখেলা অনুষ্ঠিত হয়। খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ জমায়েত হন। গ্রামীণ ঐতিহ্যের এই অনুষ্ঠান নববর্ষ উদযাপনে ভিন্নমাত্রা যোগ করেছে।
একসময় গ্রামবাংলায় আত্মরক্ষার কৌশল হিসেবে লাঠিখেলার ব্যাপক প্রচলন ছিল। জমিদারি আমলে লাঠিয়াল বাহিনী গ্রামীণ নিরাপত্তা রক্ষা, বিরোধ নিষ্পত্তি এবং উৎসব আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। সময়ের সাথে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য নববর্ষের আয়োজনকে কেন্দ্র করে আবারও নতুন প্রজন্মের সামনে ফিরে এসেছে।
খেলায় নান্নু মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এস. এম. অলিউল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহামেদ ময়িন। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জাকির সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লাঠিখেলায় বিভিন্ন গ্রামের লাঠিয়াল দল অংশ নিয়ে তাদের চমৎকার কৌশল ও শৈল্পিক প্রদর্শনী উপস্থাপন করেন। খেলার উত্তেজনায় মাঠটি দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে।
এ ঐতিহ্যবাহী অনুষ্ঠান নববর্ষের আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে।