বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৬:১১
৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সম্ভাবনা, চালু হচ্ছে ফ্লাইট
বগুড়ায় দ্রুত অভ্যন্তরীণ বিমান চালুর বিষয়ে প্রধানমন্ত্রী মৌখিক সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বেসরকারি কোনো সংস্থার সহযোগিতায় প্রাথমিকভাবে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে রানওয়ে সম্প্রসারণ ও টার্মিনাল নির্মাণের মাধ্যমে বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে গুণী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে রেজাউল করিম বাদশা বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। তাই প্রথমে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন এবং বেসরকারি কোনো সংস্থার সঙ্গে আলোচনা করে দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই উদ্যোগটি বাস্তবায়নের আশা করছেন তারা।
এ বৈঠকে সংসদ সদস্য মোশারফ হোসেন, সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, মুখ্য সচিব ছাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সম্ভাব্য কর্মসূচি তুলে ধরে সংসদ সদস্য বলেন, এদিন মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানা উদ্বোধনের পাশাপাশি একটি জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া গোবিন্দগঞ্জে করতোয়া নদীর মূল পয়েন্ট খনন কর্মসূচি এবং সেখানে জনসভা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, বগুড়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী আলাদা আরেকটি দিন সময় দিতে পারেন।
বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে রেজাউল করিম বাদশা বলেন, শতবর্ষের পরিকল্পনা মাথায় রেখে শহরের পূর্ব দিকে তিনটি সম্ভাব্য স্থান দেখা হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে সেখানে কাজ শুরু করা হবে। তবে আপাতত একটি পাঁচতলা ভবনে চলতি বছরই বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর বিষয়ে আলোচনা চলছে।
এ ছাড়া পুরোনো উপজেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক শাখা ও একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশের এলাকায় এনএসআইয়ের জন্য এক একর জমি দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে বলে জানান তিনি।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক শাখা স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও জমি পরিদর্শনে আগামী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বগুড়ায় আসার কথা রয়েছে বলেও জানান সংসদ সদস্য।
এর আগে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) আয়োজনে প্রয়াত ও জ্যেষ্ঠ ১৩ জন গুণী সাংবাদিকের হাতে সম্মাননা বাবদ অর্থ তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়।
গত ১২ নভেম্বর সংগঠনটির অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে এই অর্থ সহায়তার ঘোষণা দিয়েছিলেন।