নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৬:০৫
ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে এসডিআই’র ব্যতিক্রমী সিম্পোজিয়াম
তৃণমূল উদ্যোক্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসা সম্প্রসারণে সহায়তা এবং সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) এক ব্যতিক্রমধর্মী সিম্পোজিয়ামের আয়োজন করেছে।
“উদ্যোক্তা ও সঞ্চয়: একটি ক্রমবর্ধমান আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণের পথ” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয় এসডিআই’র ইন্টিগ্রেটেড রিসোর্স সেন্টার (আইআরসি), সুতিপাড়া, ধামরাইয়ে।
কর্মশালায় ধামরাই, মানিকগঞ্জ ও সাভার অঞ্চলের বিভিন্ন পেশা ও পটভূমির উদীয়মান তৃণমূল উদ্যোক্তা ও সঞ্চয়ী সদস্যরা অংশ নেন। ব্যবসার পাশাপাশি সঞ্চয়ের মাধ্যমে কীভাবে একটি স্থিতিশীল ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা যায়—সে বিষয়ে সচেতনতা তৈরিই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই’র চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর রিপা মোনালিসা এবং গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ। সভাপতিত্ব করেন এসডিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।
কর্মশালাটি দুইটি প্রধান পর্বে পরিচালিত হয়। প্রথম পর্বে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব, ব্যবসা শুরুর চ্যালেঞ্জ, সফল উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক গল্প এবং উদ্যোক্তা জীবনের পরিবর্তন নিয়ে আলোচনা উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
দ্বিতীয় পর্বে সঞ্চয়ের গুরুত্ব, নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তোলা এবং সেই সঞ্চয়কে ব্যবসা সম্প্রসারণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা ও পারিবারিক নিরাপত্তায় কাজে লাগানোর বিষয়গুলো বাস্তব উদাহরণসহ ব্যাখ্যা করা হয়। আয়োজকরা জানান, ব্যবসা ও সঞ্চয় একসঙ্গে পরিকল্পনা করলে দীর্ঘমেয়াদে সফলতা অর্জন সম্ভব—এই বার্তাই তুলে ধরা হয়েছে পুরো কর্মশালায়।
অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। উদ্যোক্তা আবুল করিম বলেন, “উদ্যোক্তাদের সফলতার মূলেই রয়েছে সঞ্চয়। সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারলে সফলতা নিশ্চিত।”
কাওয়ালিপাড়া শাখার এক উদ্যোক্তা জানান, “ব্যবসায় সফল হতে সাহস, ঝুঁকি মূল্যায়ন ও দক্ষতা জরুরি। এসডিআই’র সহযোগিতায় আমি ব্যবসা সম্প্রসারণ করতে পেরেছি, এখন আমার পণ্য বিদেশেও যাচ্ছে।”
বিশেষ অতিথি রিপা মোনালিসা বলেন, “উদ্যোক্তা সৃষ্টি এবং সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দেওয়ান কৌশিক আহমেদ বলেন, “সঞ্চয় বৃদ্ধি উদ্যোক্তাদের নতুন কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে।”
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “ঝুঁকি মোকাবিলায় প্রত্যেক উদ্যোক্তাকে সঞ্চয়ের ওপর গুরুত্ব দিতে হবে। ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয় অপরিহার্য।”
এসডিআই’র সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) সফল ব্যবসার পাঁচটি মূল উপাদান—পণ্য, মূল্য, স্থান, প্রচার ও মানুষের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী বক্তব্যে সামছুল হক বলেন, “উদ্যোক্তাদের ব্যবসায় রিসোর্স ব্যবস্থাপনা, ব্র্যান্ডিং, মার্কেটিং ও ডিজিটালাইজেশনে মনোযোগী হতে হবে। ব্যবসা আয় তৈরি করে, আর সঞ্চয় সেই আয়কে নিরাপদ ভবিষ্যতে রূপান্তরিত করে।”
আয়োজকদের মতে, তৃণমূল উদ্যোক্তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।