কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ রাত ১০:২০:০৬
কসবায় জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায়ে অভিযান, দুইজনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে দুইজনকে জরিমানা করা হয়।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
অভিযানকালে কুটি চৌমুহনী, বায়েক চৌমুহনী ও নোয়াগাঁও মোড় এলাকায় অবস্থিত ফিলিং স্টেশন ও খুচরা বিক্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়। এর মধ্যে বায়েক চৌমুহনীর ফুল মিয়া মেম্বারের দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও অক্টেন বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নোয়াগাঁও মোড়ে শাহ আলম (৬২) নামের এক ব্যক্তি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রি করায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।