নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ রাত ০৮:১২:৪৬
ভেদরগঞ্জে অবৈধ ব্যাটারি থেকে সীসা উৎপাদন কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ ঘটনায় ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) মহিষকান্দি এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বি। অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ৬ জন আসামির প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভেদরগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শরীয়তপুরের সদস্যরা দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।