মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০১:২৯
টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বনজ ও ফলজ গাছের প্রায় ২ শতাধিক চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পরিচালনা করা হয়।
কর্মসূচিতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জসিম উদ্দিন,এস এম গোলাম কিবরিয়া সাগর, আব্দুর রশিদ মল্লিক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার মতো জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।