নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ রাত ০৮:৩৩:১১
মতলব উত্তরে বৃদ্ধা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে বৃদ্ধা পারুল বেগম (৭০) হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে পারুল বেগমের বাড়ির সামনে বেরিবাঁধের ওপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের মেয়ে ও মামলার বাদী নুরুন্নাহার বেগম, মোশাররফ প্রধান, ইউপি সদস্য খোরশেদ আলম, বোরহান উদ্দিন রিপন মেম্বার, জসিম ভূঁইয়া মেম্বার, আব্দুর রহিম প্রধান, হাসান প্রধান, শাহাদাত হোসেন ও শাহানাজ আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নুরুন্নাহার বেগম বলেন, “আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি না হলে আমাদের পরিবার ন্যায়বিচার পাবে না।”
বক্তারা বলেন, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। দ্রুত চার্জশিট দিয়ে বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
এর আগে রবিবার (১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব জানান, প্রথমে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করা হলেও তদন্তে অসংগতি ধরা পড়ে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনার বিষয়টি উঠে আসে।
পুলিশ জানায়, পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে পারুল বেগমকে হত্যা করা হয়। এ ঘটনায় পুত্রবধূ হালিমা আক্তার ও প্রতিবেশী আশরাফুল ইসলাম মিঠুন (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের মেয়ে নুরুন্নাহার বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।