শামীম আহমেদ জয়, মতলব (চাঁদপুর)
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৩:১৮
মতলবে ৬ মামলার আসামি আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা এলাকায় ৬টি মাদক মামলার আসামি মো. আওলাদ খাঁন (৪০) নামে এক মাদক কারবারিকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া খাঁন বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।
সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের দিকনির্দেশনায় এবং মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে এসআই সুজিত চন্দ্র দে, ইকরামুল ও সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বাড়ি থেকে মাদক কারবারি আওলাদ খাঁনকে গ্রেপ্তার করা হয় এবং তার ঘর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. আওলাদ খাঁন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের মমিন খাঁনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই ৬টি মাদক মামলা রয়েছে এবং তিনি ৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আওলাদ খাঁন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মাদক সংক্রান্ত অপরাধে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন। জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন বলে স্থানীয়দের অভিযোগ।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, গ্রেপ্তার আওলাদ খাঁনের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে, যার মধ্যে ৪টিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।