গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ রাত ০৯:০১:১৪
গোবিন্দগঞ্জে জমির দাবিতে আন্দোলনরত সাঁওতালদের ওপর হামলা, নারীসহ আহত ৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাপ-দাদার জমি ফেরতের দাবিতে আন্দোলনরত সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই সাঁওতালদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও সাঁওতাল সূত্রে জানা যায়, কৃষিজমি সুরক্ষা আইনের আওতায় বাগদাফার্ম এলাকার সাঁওতাল-বাঙালিদের বাপ-দাদার জমি ফেরতের দাবিতে একটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। এতে অংশ নিতে নারী-পুরুষ দলবেঁধে মহাসড়কের বাগদা এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়।
হামলায় শিউলী মারডি, শ্যামলী হাসদা, লুকাস মুরমু ও মামলী হাসদা আহত হন। আহতদের মধ্যে শিউলী মারডি (২৫) ও মামলী হাসদাকে (৩৫) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি বফিলিমন বাসকে জানান, রংপুর চিনিকলের ১৮৬২ একর জমির মালিকানা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে কমিটি। সম্প্রতি নেতৃত্বের বিরোধের জেরে কমিটি দুই ভাগে বিভক্ত হয়েছে।
তিনি অভিযোগ করেন, কমিটির অপর অংশের নেতা জাফরুল, স্বপন শেখ ও আতাউর রহমান সাবুর নেতৃত্বে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যাওয়ার পথে হামলা চালানো হয়, যাতে নারীসহ চারজন আহত হন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক ইকবাল জানান, আহত দুই নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাফরুল ও স্বপন শেখ। তারা দাবি করেন, ঘটনার সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি।