কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৮:৫৫
কসবায় বিজিবির অভিযানে পিকআপসহ কোটি টাকার ভারতীয় শাড়ি ও জিরা আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও জিরা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে জোরদার অভিযানের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই লক্ষ্য বাস্তবায়নে ব্যাটালিয়নটি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বলে জানানো হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় শনিবার (২৮ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, কসবা উপজেলার কাজিয়াতলী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ২০৩১/এম শূন্য লাইন থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানে একটি পিকআপসহ ১ হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়ি এবং ৬৩০ কেজি জিরা আটক করা হয়। বিষয়টি শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি আরও জানায়, আটককৃত পিকআপ ও জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।