নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ রাত ০৭:৪৯:৩৫
ছাতক-দোয়ারাবাজারকে অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই: এমপি মিলন
সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, সকলের সহযোগিতায় ছাতক-দোয়ারাবাজারকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
বুধবার (৪ মার্চ) ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিনের সঞ্চালনায় সভায় এমপি মিলন বলেন, সড়ক ও নৌপথে চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি ও চোরাই ব্যবসাসহ সব ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
সভায় বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, ভেটেরিনারি সার্জন ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং অপু চক্রবর্তী গীতা পাঠ করেন।
সভা শেষে সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে দরিদ্রদের মাঝে সরকারি চাল বিতরণ করেন। পাশাপাশি কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণ করা হয়।