শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
প্রকাশ : ২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৫০:১৬
সৌদির সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ার গ্রামে ঈদ উদযাপন
রংপুরের গঙ্গাচড়া উপজেলা-এর একটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর পূর্ব মৌলভীপাড়া মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৩০০ মুসল্লি অংশ নেন।
স্থানীয়রা জানান, ১৯৮৬ সালে গ্রামের মাওলানা আব্দুর রশীদ বাদশা প্রথম এ প্রথা চালু করেন। তিনি ২০ থেকে ৪০ জন মুসল্লিকে নিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন শুরু করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই ধারা অব্যাহত রাখেন।
২০২২ সালে তার মৃত্যুর পর বড় ছেলে মাওলানা আব্দুল বাতেন তার বাবার প্রথা অনুসরণ করে বর্তমানে ইমামতি করছেন। এখন প্রায় ২০০টি পরিবার এভাবে রোজা ও ঈদ পালন করছে। তাদের জামাতে আশপাশের গ্রাম ও শহর থেকেও মুসল্লিরা যোগ দেন।
বাগপুর পূর্ব মৌলভীপাড়া মসজিদের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, তারা সৌদি আরবকে অনুসরণ করে নয়, বরং কোরআন-হাদিসের আলোকে ঈদ উদযাপন করেন।
ইমাম মাওলানা আব্দুল বাতেন বলেন, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে সেই হিসাবেই রোজা ও ঈদ পালন করা যায়—এই বিশ্বাস থেকেই তারা এ পদ্ধতি অনুসরণ করছেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, প্রতি বছরের মতো এবারও ওই গ্রামে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।