শামীম আহমেদ জয়, চাঁদপুর:
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ রাত ০৮:৩৪:২০
মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে পিটিয়ে হত্যা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় জাকির মিয়াজী (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন বখাটে যুবকের বিরুদ্ধে। প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে, নিহত জাকির মিয়াজীর মেয়ে সাকিবা আক্তার (১৫) নিশ্চিন্তপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া–আসার পথে কিংবা বাজারে যাওয়ার সময় তাকে প্রায়ই উত্ত্যক্ত করত কয়েকজন বখাটে যুবক। অভিযুক্তরা হলেন নিশ্চিন্তপুর গ্রামের নাছির মিয়াজীর ছেলে ফাহিম, আইনুল ফকিরের ছেলে সাফিন, নওদোনা গ্রামের মিজান বেপারীর ছেলে রিফাত, মহসিনের ছেলে রিয়াদ এবং অজ্ঞাত পরিচয়ের মেহেদী।
ভুক্তভোগী ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা জাকির মিয়াজী স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের জের ধরে গত ২৩ ফেব্রুয়ারি অভিযুক্তরা জাকির মিয়াজীকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্তদের আসামি করে জাকির মিয়াজীর ছোট ভাই হোসেন মিয়াজী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।
রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় জাকির মিয়াজীর মৃত্যু হলে তার মরদেহ এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনার পর মামলা হয়েছে। ভুক্তভোগীর মৃত্যুর পর এটিকে হত্যা মামলায় রূপান্তরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।