নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ রাত ০৭:৪৩:৪১
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে অধিদপ্তর, ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’ বেকারি কারখানা বন্ধের নির্দেশ
পরিবেশগত ছাড়পত্র ছাড়া আবাসিক এলাকায় নিয়ম লঙ্ঘন করে খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামক একটি বেকারি কারখানা বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অভিযোগ রয়েছে, কারখানাটি পরিবেশের ছাড়পত্র ছাড়াই নিম্নমানের খাদ্যসামগ্রী উৎপাদন করে জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি ও পরিবেশের ক্ষতি করছিল। এ বিষয়ে গত ১৩ জানুয়ারি এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরের আগারগাঁও কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর সরেজমিন পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে একাধিক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলে পরিবেশ অধিদপ্তরের নজরে আসে। পরে কারখানাটিকে প্রথমে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।
সর্বশেষ মঙ্গলবার (৩ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ ফরহাদ হোসেনের স্বাক্ষরিত এক নোটিশে ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’ কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। নোটিশে অবিলম্বে কারখানার কার্যক্রম বন্ধ ও স্থাপনা অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সকল সেবা সংযোগ বিচ্ছিন্নসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
কারখানা বন্ধের নির্দেশে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিষয়টি গণমাধ্যমে তুলে ধরায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানিয়েছেন।