শাহপরান, কসবা-আখাউড়া প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ রাত ০৭:৪৩:৪০
কসবায় ভুয়া সনদ তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ ও বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র তৈরি ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) কসবা পৌর সুপার মার্কেটে পরিচালিত এ অভিযানে দুটি কম্পিউটার দোকানে জাল সনদ তৈরির প্রমাণ পাওয়া যায়।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট দোকানগুলোতে কসবা পৌরসভার প্রশাসক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষরযুক্ত ও স্বাক্ষরবিহীন ব্ল্যাঙ্ক (নাম-ঠিকানাবিহীন, তবে স্মারক নম্বর ও তারিখসহ) ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্র সংরক্ষণ করা হয়েছে। এসব নথি ভবিষ্যতে জালিয়াতির কাজে ব্যবহারের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এ সময় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ব্রাদার্স কম্পিউটার’-কে ২০ হাজার টাকা এবং ‘সাইফুল অ্যান্ড রাকিব কম্পিউটার’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।