সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ রাত ০৮:০৫:৩০
তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে: আমানউল্লাহ আমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। শনিবার (২২ আগস্ট) বিকেলে সাভারের আমিনবাজার ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন এবং সালেহপুর ঈদগাহ মাঠের উন্নয়নকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, দেশের জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন। জনগণের সেই আস্থার কারণেই বিএনপি সরকার গঠন করতে পেরেছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের প্রতিটি উদ্যোগের সুফল যাতে সাধারণ মানুষ পায়, সেদিকে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আমিনবাজার ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন ও সালেহপুর ঈদগাহ মাঠের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে শেষে মীরপুর মফিদ-ই-আম স্কুলের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন আমানউল্লাহ আমান।
সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষিত ও দক্ষ প্রজন্মের ওপর। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
এ সময় তিনি ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে প্রকৃত নিম্ন আয়ের মানুষের কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্য বলেন, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করতে হলে প্রকৃত সুবিধাভোগীদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে।
কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না রেখে প্রকৃত দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যাতে সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করার আহ্বান জানান আমানউল্লাহ আমান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন আমানউল্লাহ আমান। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।