নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৮:০০
নাগরপুরে পেঁয়াজ সংরক্ষণে আধুনিক এয়ার ফ্লো মেশিনের শুভ উদ্বোধন
টাঙ্গাইলের নাগরপুরে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আধুনিক এয়ার ফ্লো প্রযুক্তির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল।
উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো.জহুরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলামসহ উপকারভোগী ও কৃষকরা।
অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত এয়ার ফ্লো সম্পর্কিত দিকনির্দেশনা ও সুবিধা সংবলিত লিফলেট ও মালামাল বিতরণ করা হয়।
বক্তারা বলেন, এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষক পর্যায়ে পেঁয়াজ দীর্ঘদিন পচনমুক্ত ও সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হবে, যা স্থানীয় কৃষকদের আর্থিক ক্ষয়ক্ষতি কমাবে এবং জাতীয় উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।