দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ রাত ০৮:২৪:৪৬
দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা এম এ লতিফ ভূইয়ার ইফতার ও মতবিনিময়
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা আয়োজন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ লতিফ ভূইয়া।
মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা সদরের ‘ভূইয়া প্লাজা’র টপ ফ্লোরে তার ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ভূইয়াসহ দলীয় নেতাকর্মীরা।
ইফতার পূর্ব আলোচনায় এম এ লতিফ ভূইয়া বলেন, দাউদকান্দি ও মেঘনা উপজেলার উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা ও নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এম এ লতিফ ভূইয়া অতীত সময়ে ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে এলাকায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, ভবিষ্যতেও জনগণের কল্যাণে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। তিনি উন্নয়নমূলক কার্যক্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গঠনমূলকভাবে গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বিএনপি নেতা এম এ লতিফ ভূইয়া আরও বলেন, আগামী দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ইনশাআল্লাহ, আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমি দাউদকান্দি উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা কামনা করছি।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।