রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ রাত ১০:৪৯:৫২
বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ
বগুড়ার বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক আবাসিক হোটেল ও মোটেলকে ঘিরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব কার্যকলাপ বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, শহরের ঐতিহাসিক মহাস্থান এলাকা থেকে শুরু করে শহরতলীর মাটিডালি বিমান মোড় হয়ে উত্তরদিকে তিনমাথা রেলগেইট পর্যন্ত বিস্তৃত এলাকায় নতুন-পুরাতন মিলিয়ে অন্তত ১৩টি আবাসিক হোটেল ও চাইনিজ রেস্টুরেন্ট-কাম-হোটেলে নিয়মিতভাবে অনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—হোটেল অবকাশ, হোটেল গোধুলি, হোটেল ড্রিম প্যালেস এবং হোটেল গোধুলি-২। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এসব হোটেলে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, এসব প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি থাকার কথা থাকলেও বাস্তবে তা যথাযথভাবে হচ্ছে না। প্রতিটি আবাসিক হোটেলে অতিথি নিবন্ধনের জন্য রেজিস্টার সংরক্ষণের নিয়ম থাকলেও কিছু ক্ষেত্রে তা মানা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়রা এসব অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তারা বলেন, “দীর্ঘদিন ধরে এসব কার্যকলাপ চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ বাড়ছে। এতে সামাজিক অবক্ষয় বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হলে পরিস্থিতির উন্নতি সম্ভব।