মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ রাত ০৬:৪৮:৪৪
টুঙ্গিপাড়ায় বৃদ্ধা নাহিদা হত্যা মামলার প্রধান আসামি নজরুল গ্রেফতার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বহুল আলোচিত নাহিদা বেগম ওরফে সাহিদা বেগম হত্যা মামলার প্রধান আসামি মোঃ নজরুল ওস্তা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (গতকাল) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাবিবুল্লাহ ব্রিজ সংলগ্ন এনায়েতনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ এর সহযোগিতায় টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি নজরুল ওস্তার অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, শনিবার (আজ) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে পাটগাতি গ্রামের নাহিদা বেগম ওরফে সাহিদা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত হন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।