মো. বাবুল, প্রতিনিধি:
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ বিকাল ০৪:০০:২৫
আমার নাম ব্যবহার করে কাউকে অনৈতিক সুবিধা ভোগ করতে দেব না: এমপি আবদুল মান্নান
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আবদুল মান্নান বলেছেন, “আমার নাম ব্যবহার করে কাউকে অনৈতিক সুবিধা ভোগ করতে দেওয়া হবে না।”
মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সভাপতিত্ব করেন।
এসময় থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় এমপি আবদুল মান্নান বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর, ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপরাধ সহ্য করা হবে না এবং নবীনগরকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী এলাকায় পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অনৈতিক সুবিধা গ্রহণ বা প্রদানের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।