সোহেল রানা, ডামুড্যা (শরীয়তপুর):
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ রাত ১১:১১:৪৫
ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে হামলা: কুপিয়ে জখম ৬, আটক ২
শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে শাওন ও মালেক খানের পক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সময় ধারণ করা একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন দেয় এবং রিফাত নামে আরেকজনের বাড়িতে ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমও অবস্থান করছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।