খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৮ আগস্ট ২০২৬ রাত ১১:২৯:১৮
অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না: আব্দুল মান্নান
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেছেন, নবীনগরের প্রতিটি এলাকার সঙ্গে উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তুলে পুরো উপজেলাকে একটি কার্যকর সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হবে। একই সঙ্গে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, যে দলেরই হোক অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (৮ আগস্ট) বিকেলে উরখুলিয়া, মনিপুর ও ভৈরবনগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আব্দুল মান্নান বলেন, ‘আমি চাই এই উপজেলার এক এলাকা দিয়ে গাড়ি নিয়ে অন্য এলাকা দিয়ে বের হবো। আপনারা আমাকে সহযোগিতা করুন। উরখুলিয়া-গোসাইপুর সংযোগ সেতু নির্মাণ করে দেওয়া হবে।’
তিনি বলেন, শুধু উরখুলিয়া নয়, উপজেলার প্রতিটি গ্রামের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কোথায় কী প্রয়োজন, তা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উরখুলিয়া-গোসাইপুর সংযোগ সেতুর প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, সেতুটি নির্মাণ হলে দুই এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমবে। পাশাপাশি নবীনগরের বিভিন্ন এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ আরও সহজ হবে।
মাদকবিরোধী বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি আব্দুল মান্নান আরো বলেন, ‘মাদক ব্যবসায়ী যে-ই হোক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কে কে মাদকের সঙ্গে জড়িত, তাদের তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। তবে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সামাজিক ও পারিবারিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান কিংবা সন্ত্রাস দমনের নামে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন সেদিকেও খেয়াল রাখতে হবে।
এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে উরখুলিয়া এলাকায় একটি বিদ্যালয় নির্মাণের আশ্বাস দেন সংসদ সদস্য। তিনি বলেন, ‘আমি এই উপজেলার প্রতিটি জায়গা চিনি। কোথায় কী লাগবে, আমি সব জানি। এই এলাকায় একটি স্কুল প্রয়োজন। খুব শিগগিরই স্কুল নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সমাবেশে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান মেম্বারের সভাপতিত্বে ও এডভোকেট আলাউদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক-২ দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক ডাক্তার মহীউদ্দিন আহামেদ ময়ীন, পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.কে হেলাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিছ শাহীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খাঁনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।