নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ রাত ০৮:৫৩:১৬
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতি প্রচেষ্টা নস্যাৎ, আনসার সদস্যদের তৎপরতায় আটক ১
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) প্রকল্পে ডাকাতি চেষ্টার ঘটনা প্রতিহত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে প্রকল্পের ‘মুগডেইল পোস্ট’-এ দায়িত্বরত দুইজন সশস্ত্র আনসার সদস্য সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে ২০–২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য মো. আশিকুর রহমান শর্টগান থেকে দুই রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা গুলি ছোড়েন। এতে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে নিকটবর্তী নৌবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালায়। ধাওয়ার একপর্যায়ে শহিদুল্লাহ (৪০) নামে একজনকে আটক করা হয়। তিনি মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মগডেইল গ্রামের বাসিন্দা। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পালিয়ে যাওয়া অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রকল্প কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।