বেনাপোল প্রতিনিধি:
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:০৪
বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজান আলীর জানাজা সম্পন্ন
যশোরের বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজান আলীর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১২টায় বেনাপোল বলফিল্ড মাঠে শত শত শ্রমিক, সহকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে আবেগঘন পরিবেশে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মান্জারুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন রেজা, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের টিটিআই মাঠে মালামাল লোডিংয়ের সময় হঠাৎ একটি ক্রেনের তার ছিঁড়ে যায়। এতে ভারী স্টিল শিটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন শাহাজান আলী এবং গুরুতর আহত হন আরও একজন শ্রমিক।
জানাজা শেষে বক্তারা অভিযোগ করেন, পুরনো ও ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির কারণেই বন্দরে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। তারা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ক্রেন ব্যবহারের বিষয়টি তুলে ধরে দ্রুত আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বন্দরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানান।
এদিকে, বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।