শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ রাত ০৬:১১:০৫
আখাউড়া থানার বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আখাউড়া থানার পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকালে আখাউড়া পৌরসভার মসজিদপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. এমরান হোসেন। এ সময় এএসআই ওমর ফারুক, এএসআই সজিবুল হাসান খানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানকালে রবিউল হাসান মিঠুর চা দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৭ কেজি গাঁজাসহ আমেনা আক্তার (২৪) ও ফুল বানু (৪২) নামের দুই নারীকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আমেনা আক্তারের স্বামী আনোয়ার হোসেন এবং ফুল বানুর স্বামী কামাল মিয়া।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।