মো. নাজিম ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ রাত ১০:৫৯:০১
তারাগঞ্জে ফুলেল ভালোবাসায় সিক্ত এমপি এটিএম আজহারুল ইসলাম
রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে তারাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় স্থানীয় ও/এ কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষ ফুলের তোড়া দিয়ে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছায় সিক্ত করেন।
তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নায়েবে আমির শাহ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপির প্রতিনিধি মো. আমিনুল ইসলামসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এমপি এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, “আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা, যিনি আমাকে কঠিন সময় পেরিয়ে আজ আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। ফাঁসির মঞ্চ থেকে আজ আমি আপনাদের মঞ্চে।”
তিনি আরও বলেন, “আপনাদের ভোটে আমি সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি। আমি আপনাদের সেবক। সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে ও সমতার ভিত্তিতে সবার মাঝে বণ্টন করা হবে।”
দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করে তিনি জানান, “আমি কোনো দলীয় প্রভাবের ভিত্তিতে সুবিধা দেব না। সকল নাগরিক সমানভাবে সরকারি সেবা পাবেন—এটাই আমার অঙ্গীকার।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সতর্ক করে তিনি বলেন, “কেউ কখনো অন্যায় আবদার করবেন না। আমি অন্যায়ের সঙ্গে আপস করব না।”
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।