নান্দাইল প্রতিনিধি
প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:০২:০৩
তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় নান্দাইলের ২৮ রোগী পাচ্ছেন ২৮ লাখ টাকা
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২৮ জন অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তি পাচ্ছেন মোট ২৮ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ‘চিকিৎসা সহায়তা কার্যক্রমের’ আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তিতে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিভার সিরোসিসের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত নান্দাইলের ২৮ জন রোগীকে এ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী প্রতিটি পরিবারকে এককালীন ১ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের বিশেষ নজরদারিতে নান্দাইলের রোগীরা অগ্রাধিকার ভিত্তিতে এ সহায়তার আওতায় এসেছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ বলেন, সরকারি নীতিমালা ও স্বচ্ছতা বজায় রেখে এই অর্থ বিতরণ করা হবে। উপকারভোগীদের যাবতীয় চিকিৎসা সংক্রান্ত তথ্য ও পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে’ যুক্ত করা হয়েছে।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, নান্দাইলের অবহেলিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তথ্য প্রতিমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে যারা অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারছিলেন না, তাদের জন্য এই অনুদান। এই আর্থিক সহায়তার ফলে জটিল রোগে আক্রান্ত নিম্নবিত্ত পরিবারগুলো এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন।
নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন জানান, বিএনপি সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। তাই মরণব্যাধি রোগীদের কথা চিন্তা করে প্রতি রোগীর জন্য ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদান করছে। নান্দাইলে ২৮ লাখ টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়ায় তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।