হীরা আহমেদ জাকির, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২১:০৬
বিজয়নগরে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১০ হাজার ৫৫৫ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন মুকুন্দপুর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার চাঁনপুর এলাকায় টহলদল ফাঁদ পেতে অবস্থান করছিল। এ সময় ভারত থেকে বাংলাদেশের দিকে আসা সন্দেহজনক এক ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। পালানোর সময় ওই ব্যক্তি একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা প্যাকেটটি তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো অভিনব কৌশলে লুকানো ১০ হাজার ৫৫৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা মালিকবিহীন ভারতীয় ইয়াবার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে ধ্বংসের জন্য ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।