হাবিব রহমান, জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ রাত ০৬:০২:৪৭
জামালগঞ্জে ৬শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
জামালগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে বীজ ও সারের বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার দীপক রঞ্জন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন খান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওসি বন্দে আলী, সমাজসেবা অফিসার সাব্বির সারোয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিব আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক সফিকুর রহমান, যুগ্ম-আহবায়ক আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, যুবদল আহবায়ক স্বপন, বিএনপি নেতা নূরে আলম ফরায়েজি, আলী আক্কাস মুরাদ প্রমুখ।
প্রধান অতিথি আব্দুল মতিন খান তার বক্তব্যে বলেন, "এ ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের আবাদে উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতে উন্নতি সাধনে সহায়তা করবে। আমরা সরকারিভাবে সবসময় কৃষকদের পাশে আছি এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।"
কৃষি প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে ৬শ জন কৃষককে প্রতিজন ৫ কেজি বীজ ও ২০ কেজি রসায়নিক সার প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষকদের আর্থিক সচ্ছলতা ও জীবনমান উন্নয়ন করা যাবে বলে আশা করা হচ্ছে।
এ ধরনের কার্যক্রম জামালগঞ্জের কৃষকদের জন্য বড় উপকারে আসবে এবং তাদের মাঝে স্বাভাবিক চাষাবাদে আরো উৎসাহ যোগাবে।