নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫০:৫৯
ফ্যাসিস্টদের সঙ্গে বিরোধী দলের মিল রয়েছে: এ্যানি
বিরোধী দল গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে এবং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদার খালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বিরোধী দল এমনভাবে গালিগালাজ করে, এটা নাকি তাদের গণতন্ত্রের সৌন্দর্য। এটা যদি গণতন্ত্রের সৌন্দর্য হয়, তাহলে এ দেশের মানুষ তাদের গ্রহণ করেনি, ভবিষ্যতেও গ্রহণ করবে না। এদের গণতন্ত্রের সৌন্দর্য বলা যাবে না। তারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে।’
তিনি বলেন, ‘তারা নিজেরাই বলছে, ১১ দলের দাবি না মানলে বোমাবাজি বন্ধ হবে না, ককটেলবাজি বন্ধ হবে না। যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তারা ওই পাড়ে বসে তাদের কাজ করছে। তাদের নেতৃত্বে গাড়িতে আগুন, ককটেল হামলা ও ঝটিকা মিছিল হচ্ছে। বর্তমান বিরোধী দলের অপকর্ম, কথাবার্তা ও কর্মকাণ্ডের সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যায়।’
এ্যানি আরও বলেন, ‘দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তাদের স্মরণ করিয়ে দিতে চাই, এটা জিয়ার দল, এটা খালেদা জিয়ার দল। আন্দোলন করতে করতে আমরা এখানে এসেছি। রাজপথ থেকে আমরা উঠে এসেছি, রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছি। আগামী দিনেও এই অপশক্তিকে আমরা রাজপথে মোকাবিলা করব।’
বিরোধী দলের ভূমিকা নিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত ছিল না। মত ভিন্ন হতে পারে, বিভিন্ন বক্তব্য থাকতে পারে, আলোচনা হতে পারে। কিন্তু তারা ফ্যাসিস্ট কায়দায়, ফ্যাসিস্টদের সঙ্গে যেভাবে ১৯৮৬ ও ১৯৯৬ সালে সখ্য গড়ে তুলেছিল, এখন আগামী পাঁচ বছর আমাদের শান্তিতে থাকতে দেবে না—এটাই তাদের মনের কথা। প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি, তাদের মনের কথাটা কতটা খারাপ।’
তিনি আরও বলেন, ‘বিরোধী দল ওপর দিয়ে সুন্দর কথা বলে। পার্লামেন্টে গিয়ে সুন্দর সুন্দর কথা বলে। আমাদের প্রধানমন্ত্রী তাদের কথায় গলে গিয়ে বরাদ্দ বাড়িয়ে দেন। কিন্তু বাইরে গিয়ে তারা ৭১-এর রূপ ধারণ করে। বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে অসভ্য, অশালীন ও শিষ্টাচারবহির্ভূত ভাষায় কথা বলে, যা সমাজে আমার-আপনার পরিবারের মধ্যে আলোচনা করা যায় না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।