রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ রাত ১০:২৮:০৪
বগুড়ায় নির্বাচনী সহিংসতায় আহত আলাল শেখের মৃত্যু
বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আলাল শেখ (৪৬) নির্বাচনী সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী ছিলেন।
জানা যায়, গত ২৮ মার্চ সকালে ভোট দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে তুলে নিয়ে যায় এবং লাঠি ও হাতুড়ি দিয়ে গুরুতরভাবে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পিতা সিদ্দিকুর রহমান মেরু শেখ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে গোয়েন্দা পুলিশ চারজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।