বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:৫৪
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতের প্রচারণা শুরু
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। সোমবার সকালে পৃথক কর্মসূচির মাধ্যমে দুই দলের প্রার্থীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন।
সোমবার সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ শুরু করেন বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় তিনি শহরের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আখতার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, যুগ্ম সম্পাদক রাশেদুল কবীর রাশেদ, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা একরামুল হক, শহর ওলামা দলের আহ্বায়ক মাওলানা হুমায়ুন কবির, সদর ওলামা দলের সদস্য সচিব হাফেজ কালিমুল্লাহ, হাফেজ মাওলানা আবিদুর রহমান ও মাওলানা জাহিদসহ নেতাকর্মীরা।
এর আগে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের সেউজগাড়ী এলাকায় মোনাজাতের মাধ্যমে তার প্রচারণা শুরু করেন। পরে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, আব্দুল হালিম বেগ, আব্দুল হামিদ বেগ, আব্দুস সালাম তুহিন, ইকবাল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।
জামায়াত প্রার্থী ও শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেল বলেন, “এবার সঠিক নেতৃত্ব বাছাইয়ে বগুড়ার মানুষ ভুল করবে না। আগামী ৯ এপ্রিল তারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন।” তিনি যেকোনো ধরনের কারচুপি প্রতিরোধে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
অন্যদিকে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “বগুড়া সদর আসন মূলত জিয়া পরিবারের আসন। প্রধানমন্ত্রী তারেক রহমান এখান থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি বগুড়াকে এগিয়ে নিতে স্বপ্ন দেখেন এবং সেই লক্ষ্যেই আমাকে তার প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছেন।” তিনি আশা প্রকাশ করেন, সদর উপজেলার জনগণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
উল্লেখ্য, বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। আগামী ৯ এপ্রিল এ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।